পদত্যাগের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান, দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন এবং প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

ইশরাক বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আজকের দিন হতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। পুরো সময়টা ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূল ও অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই।’

নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের বিষয়ে তিনি দাবি করেন, নিজের নিরাপত্তার জন্যই সেদিন অস্ত্র হাতে নিয়েছিলেন। ঘটনাটি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কিছু অংশ সত্য হলেও কিছু অংশ অতিরঞ্জিত বলে অভিযোগ করেন তিনি।

ইশরাক বলেন, ‘এতে আমি অসম্মানিত হয়েছি; আমার দল বিব্রত হয়েছে।’ তাঁর কারণে কাউকে বিব্রত হতে না দেওয়ার জন্যই দায়িত্ব ছাড়তে চেয়েছেন বলে জানান তিনি।

এর আগে সোমবার সকালে ফেসবুকে দেওয়া ঘোষণায় ইশরাক জানিয়েছিলেন, বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা ও ঘটনার ব্যাখ্যা দেবেন।

সংবাদ সম্মেলন উপলক্ষে কয়েকশ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে প্রেসক্লাবে আসেন তিনি। এ সময় সমর্থকেরা তাঁর পক্ষে স্লোগান দেন। বিপুল জনসমাগমে প্রেসক্লাব প্রাঙ্গণে বিশৃঙ্খলা তৈরি হয়।

সংবাদ সম্মেলন শুরুর আগে ‘মোবাইল সাংবাদিকদের’ বের হয়ে যেতে বলা হলে হট্টগোল হয়। পরে সব সাংবাদিকের উপস্থিতিতেই বক্তব্য শুরু করেন ইশরাক।

সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে ব্যক্তিগত অস্ত্র প্রদর্শন করে সমালোচনার মুখে পড়েন তিনি। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়। তবে সে সময় ইশরাক ওই খবরের সত্যতা অস্বীকার করেছিলেন।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর