বিতর্কিত মন্তব্য প্রত্যাহার, ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে টেলিভিশন টকশোতে দেওয়া মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান রতন। নিজের বক্তব্যে মৃত ব্যক্তিদের স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা কষ্ট পেয়েছেন উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া বিবৃতিতে তিনি নিঃশর্তভাবে ওই মন্তব্য প্রত্যাহারের ঘোষণা দেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে কথা বলতে গিয়ে রতন বলেছিলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।’

বক্তব্যটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ও মৃত ব্যক্তিদের স্বজনদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

ফেসবুক বিবৃতিতে রতন জানান, ঘটনাটি নিয়ে সংকীর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আবেগের বশে ওই মন্তব্য করেছিলেন তিনি।

তিনি বলেন, ‘আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি। আমার এই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং আমাদের প্রবাসী ভাইবোনদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।’

ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগকে মহান আল্লাহর বিশেষ নেয়ামত উল্লেখ করে নিজের মন্তব্যের জন্য আবারও দুঃখ প্রকাশ করেন এই সংসদ সদস্য।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর