বিরোধী দল জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অভিযোগ, আমন্ত্রণ পেয়েও জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ না দিয়ে বিরোধীদলীয় নেতা শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে।’
বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে তারেক রহমান বলেন, সরকারের বিরোধিতা অবশ্যই হবে, তবে তা গঠনমূলক হওয়া উচিত। সব বিষয়ে একমত না হলেও দেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার অনুপস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের যদি আমাদের সঙ্গে একই মঞ্চে বসায় আপত্তি থাকে, চাইলে তো শহীদ পরিবারের সঙ্গেও বসতে পারতেন।’
নির্বাচনে জনগণের রায়ের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ও বর্তমান বিরোধী দল—উভয়েই ভোটের আগে মানুষের কাছে গিয়েছিল। জনগণই নির্ধারণ করেছে, কারা সরকার পরিচালনা করবে এবং কারা বিরোধী দলের দায়িত্ব পালন করবে।
তাঁর ভাষ্য, ‘আমরা মনে করি, আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকেও অবজ্ঞা করেছে।’
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ছিল উভয় আন্দোলনের লক্ষ্য।
প্রধানমন্ত্রী জানান, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, জনগণ ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছর দেশ পরিচালনার জন্য বিএনপিকে বেছে নিয়েছে।









