শাকিব খানের ‘সোলজার’ সিনেমার মুক্তি অনিশ্চিত

বিনোদন প্রতিবেদক

শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত বছরের অক্টোবরে শুটিং শুরু হলেও এখনো নির্মাণকাজ শেষ হয়নি। বাকি রয়েছে নয় দিনের শুটিং। ফলে চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হবে কি না, তা স্পষ্ট নয়।

সিনেমার ডাবিংয়ের বড় অংশ শেষ করেছেন শাকিব খান। তবে অবশিষ্ট শুটিংয়ের জন্য একাধিকবার সময় নির্ধারণ করা হলেও কাজ শুরু হয়নি বলে অভিযোগ উঠেছে।

শাকিবের ম্যানেজার মনির জামানের দাবি, বারবার শিডিউল নিয়েও পরিচালক সাকিব ফাহাদ শুটিং শুরু করতে পারেননি। ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর এবং গত আগস্টে শাকিব যুক্তরাষ্ট্র থেকে ফেরার পরও নির্ধারিত সময়ে কাজ হয়নি।

মনির জামান বলেন, যে পরিমাণ সময় নেওয়া হয়েছে, তাতে দুই থেকে তিনটি সিনেমার কাজ শেষ করা যেত। গত কয়েক বছরে শাকিবের অন্য কোনো সিনেমার ক্ষেত্রে এমন বিলম্ব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে শুটিং আটকে থাকার পেছনে শিল্পী ও কলাকুশলীদের বকেয়া সম্মানির বিষয়টি সামনে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক টেকনিশিয়ানের দাবি, অধিকাংশ কলাকুশলীর পাওনা পরিশোধ করা হয়নি। বকেয়া না পেলে তাঁরা নতুন করে সময় দিতে রাজি হচ্ছেন না।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। তাঁর ভাষ্য, শুটিং শেষ হওয়ার আগে পুরো সম্মানি পরিশোধের নিয়ম নেই। কাজ শেষ হলে মুক্তির তারিখ ঘোষণা এবং টিজার প্রকাশ করা হবে।

বর্তমানে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান। চলতি মাসের শেষে তাঁর দেশে ফেরার কথা। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে। পরবর্তী সময়ে হিমেল আশরাফের ‘মহব্বত’-এর কাজেও যুক্ত হওয়ার কথা তাঁর।

এই দুই সিনেমার ব্যস্ততার মধ্যে ‘সোলজার’-এর বাকি নয় দিনের শুটিং কবে শেষ হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর