ভিডিও ভাইরালের পর মিডিয়ার উপর ক্ষেপলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক

ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে মাছরাঙা টেলিভিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমনি। সংবাদমাধ্যমটির দুঃখ প্রকাশের ফটোকার্ডে সন্তুষ্ট নন তিনি। তাঁর অভিযোগ, এ ঘটনায় ব্যক্তিগত জীবনের শান্তি ও পেশাগত কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। নেতিবাচক মন্তব্য থেকে রেহাই পাচ্ছে না তাঁর সন্তানদের ছবিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাছরাঙা টেলিভিশনকে উদ্দেশ করে পরীমনি লেখেন, ‘ডিয়ার মাছরাঙা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ড এর দুঃখ প্রকাশ কোন কাজে দিচ্ছে না একদমই।’

নিজের স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে ওঠার জন্য সংবাদমাধ্যমটিকে দায়ী করেন তিনি। পরীমনির ভাষ্য, কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো পোস্টই স্বাভাবিকভাবে দিতে পারছেন না। এমনকি সন্তানদের ছবিতেও হাজার হাজার নেতিবাচক মন্তব্য করা হচ্ছে।

মানসিক শান্তি ও কাজের ক্ষতি হওয়ার কথা তুলে ধরে তিনি লেখেন, ‘কি করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকল আর।’

পোস্টে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার বিষয়ে মাছরাঙা টেলিভিশনের আশ্বাসের কথাও উল্লেখ করেন অভিনেত্রী। সেই উদ্যোগ কবে বাস্তবায়িত হবে, প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা।’

পোস্টের শেষ দিকে সংবাদমাধ্যমটির প্রতি ক্ষোভ জানিয়ে পরীমনি লেখেন, ‘আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted