রাজবাড়ী সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল সরদার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর সজনকান্দা এলাকায় রতনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পিয়ারুল উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরাড়ীপুর গ্রামের হারুন সরদারের ছেলে। পুলিশের দাবি, তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন এবং তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে পিয়ারুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এরপর তাঁরা দ্রুত সেখান থেকে চলে যান।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
কী কারণে পিয়ারুলকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ উদ্ঘাটন ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।









