ঢাকা ও চট্টগ্রাম থেকে ৫ কোটি টাকার সোনার ডিম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় পাঁচ কোটি টাকা আনুমানিক মূল্যের সোনা ও সোনার পেস্টসদৃশ বস্তু উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। চট্টগ্রামে রান্নার সরঞ্জামের ভেতর থেকে সোনার বার এবং ঢাকায় দুই যাত্রীর শরীরে লুকানো ছয়টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়।

রোববার (১৮ অক্টোবর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা কামরুল ইসলাম নামে এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দারা। তিনি ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৫০ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে আগে থেকেই অবস্থান নেন কর্মকর্তারা। তল্লাশিতে ওই যাত্রীর ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতর থেকে ৪৬৬ গ্রাম ওজনের চারটি খণ্ডিত সোনার বার উদ্ধার করা হয়।

যাত্রী ১০০ গ্রাম স্বর্ণালংকার বহনের ঘোষণা দিলেও অতিরিক্ত সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে ঘোষিত অলংকারসহ মোট ৫৬৬ গ্রাম সোনা আটক করা হয়। শুল্ক-করসহ এর আনুমানিক মূল্য ৯৮ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি অভিযান চালানো হয়। মালদ্বীপ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৩৮ ফ্লাইটে আসা দুই যাত্রীর মলদ্বার থেকে তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির সোনার পেস্টসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

উদ্ধার বস্তুগুলোর প্রাথমিক মোট ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা বলা হলেও প্রকৃত সোনার পরিমাণ এখনো নিশ্চিত হয়নি।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আলামতগুলো যথাযথভাবে সংরক্ষণ করে পরীক্ষা করা হবে। পরীক্ষার পর বিশুদ্ধ সোনার পরিমাণ ও প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।

সিআইআইডি জানিয়েছে, সোনা চোরাচালান প্রতিরোধে গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি ও ঝুঁকিভিত্তিক যাত্রী তল্লাশি অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর