বৃষ্টিতে ভিজলে কি সত্যিই ঘামাচি কমে

ইকরামুল হক ইহান

বর্ষাকালে হঠাৎ বৃষ্টিতে ভিজে পড়া আমাদের দৈনন্দিন জীবনেরই একটি অংশ। অফিসগামী, ব্যবসায়ী, পথচারী কিংবা মাঠে কাজ করা কৃষক—প্রয়োজনের তাগিদে অনেকেই বৃষ্টিতে ভিজে থাকেন। আবার অনেক তরুণ-তরুণী আনন্দের জন্যও বৃষ্টিতে ভেজেন। এরপর অনেকে পরিষ্কার পানি দিয়ে গোসল করেন, কারণ তাদের বিশ্বাস এতে ঠান্ডা লাগার সম্ভাবনা কমে।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টিতে ভেজার পর গোসল করা অবশ্যই ভালো অভ্যাস। তবে এর মূল উদ্দেশ্য ঠান্ডা প্রতিরোধ করা নয়; বরং শরীরে লেগে থাকা দূষিত উপাদান পরিষ্কার করা।

চিকিৎসকদের ব্যাখ্যা অনুযায়ী, শহরের বাতাসে ধুলাবালি, ধোঁয়া, রাসায়নিক কণা এবং অন্যান্য ক্ষতিকর দূষক ছড়িয়ে থাকে। বৃষ্টির ফোঁটা মাটিতে নামার সময় এসব উপাদান সঙ্গে নিয়ে আসে। ফলে সেই পানি দীর্ঘ সময় ত্বকে লেগে থাকলে চুলকানি, অ্যালার্জি, র‌্যাশ বা ত্বকে জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই বৃষ্টিতে ভেজার পর যত দ্রুত সম্ভব পরিষ্কার পানি দিয়ে গোসল করে শরীর ভালোভাবে মুছে নেওয়া উচিত।

অন্যদিকে, বৃষ্টির পানিতে ভিজলে ঘামাচি সেরে যায়—এমন ধারণাও সঠিক নয়। চিকিৎসকদের মতে, বৃষ্টির পানির কোনো বিশেষ চিকিৎসাগুণ নেই। তবে বৃষ্টিতে ভেজার ফলে শরীরের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় ঘামাচি বা হিট র‌্যাশের জ্বালাভাব সাময়িকভাবে কম অনুভূত হতে পারে। একই ধরনের আরাম সাধারণ ঠান্ডা পানি দিয়ে গোসল করলেও পাওয়া যায়।

অর্থাৎ ঘামাচি কমানোর ক্ষেত্রে বৃষ্টির পানির কোনো বিশেষ ভূমিকা নেই। বরং শরীরকে ঠান্ডা রাখা, অতিরিক্ত ঘাম এড়িয়ে চলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখাই ঘামাচি নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ