রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১৯টি ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটকের কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁদের একজন চাকরি থেকে বরখাস্ত রয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নগরীর পায়রা চত্বর এলাকার ‘স্কাই ভিউ’ হোটেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। শুক্রবার বিকেলে আদালতে হাজির করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের ওমর আলী ও দিনাজপুরের মিথুল ইসলাম। মিথুল রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওমর আলী এর আগে মাদকসহ ধরা পড়ার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে হোটেলের একটি কক্ষে অভিযান চালানো হয়। সেখানে খাটের নিচে রাখা সিগারেটের প্যাকেট থেকে ১৯টি ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক সেবনের পাইপ, গ্যাসলাইট ও ফয়েল পেপার জব্দ করা হয়।
এ ঘটনায় অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে দুজনকে আদালতে হাজির করা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি জানান, আটক দুজনের একজন বরখাস্ত এবং অন্যজন রংপুর পুলিশ লাইন্সে কর্মরত। মাদক মামলায় তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।









