পাটগ্রাম সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় এ চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার বুড়িমারী বামনদল সীমান্তে এ ঘটনা ঘটে। ওই ১২ জন বর্তমানে ভারতীয় ভূখণ্ডে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন বলে জানা গেছে।

বিজিবি জানায়, সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে দুই শিশু, দুই নারী ও আট পুরুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। বিজিবির সতর্ক অবস্থান ও প্রতিবাদের মুখে বিএসএফ ওই চেষ্টা থেকে সরে আসে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা সীমান্ত থেকে প্রায় ১০০ গজ ভারতের ভেতরে অবস্থান করছেন। তাঁদের অননুমোদিত প্রবেশ ঠেকাতে সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর