সংখ্যালঘুদের ইস্যু সমাধানে বাংলাদেশ পদক্ষেপ নেবে: ভারত

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যাশা জানিয়েছে ভারত।

বুধবার (১৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থান জানান।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিবৃতি তুলে ধরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের অবস্থান জানতে চান। জবাবে জয়সওয়াল বলেন, ‘আমাদের প্রত্যাশা, বাংলাদেশ এসব বিষয় সমাধানে পদক্ষেপ নেবে।’

ঐক্য পরিষদের বিবৃতিতে অভিযোগ

বুধবার সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো বিবৃতিতে কড়া নিরাপত্তার মধ্যে দুর্গাপূজা আয়োজনের পরিস্থিতিকে দুঃখজনক ও দুর্ভাগ্যজনক বলা হয়।

বিবৃতিতে গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানির বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। সংগঠনটির হিসাবে, এ সময়ে হত্যার ঘটনা ১৬টি এবং ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা চারটি। মন্দিরে হামলা, লুটপাট, জায়গা দখল ও বিগ্রহ ভাঙচুরের ঘটনা উল্লেখ করা হয়েছে ৩৬টি।

এ ছাড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর হামলার সাতটি, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভাঙচুরের ১১টি এবং হামলা, ছিনতাই, ডাকাতি ও মারধরের ২৬টি ঘটনার অভিযোগ করেছে সংগঠনটি।

বিবৃতিতে জমি ও সম্পত্তি দখলের ১৪টি, অপহরণ, হত্যার হুমকি ও হয়রানির তিনটি, চাঁদাবাজির চারটি এবং অন্যান্য ১৪টি ঘটনার কথাও বলা হয়। পাশাপাশি কথিত ধর্ম অবমাননার অভিযোগে ছয়জনকে আটক করার তথ্য উল্লেখ করা হয়েছে।

বিমসটেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন

একই সংবাদ সম্মেলনে দিল্লিতে অনুষ্ঠিত বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সংলাপে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রসচিবের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হয়।

জবাবে জয়সওয়াল বলেন, প্রথমবারের মতো আয়োজিত এ সংলাপে বাংলাদেশসহ বিমসটেকের সব সদস্যদেশ অংশ নিয়েছে। বৈঠক শেষে দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে।

তিনি জানান, সন্ত্রাসবাদ, মাদক ও অর্থপাচার প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছে সদস্যদেশগুলো। এই সংলাপের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে বলে ভারত প্রত্যাশা করছে।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর