সেকুলার সমাজকে খেসারত দিতে হবে : মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

বিএনপির বিরোধিতা করতে গিয়ে জামায়াত-শিবিরের ঘনিষ্ঠ হওয়ার জন্য সেকুলার সমাজকে খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর দাবি, এই রাজনৈতিক অবস্থানে শেষ পর্যন্ত লাভবান হবে জামায়াত-শিবিরই।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘জুলাই পরবর্তী রাজনীতির আজব দশা’ শিরোনামে দেওয়া পোস্টে এসব মন্তব্য করেন তিনি। পোস্টে জামায়াত-শিবিরকে সংক্ষেপে ‘জাশি’ বলে উল্লেখ করেন মাহফুজ।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই সেকুলার নাগরিক সমাজের একটি অংশ, ব্যক্তি ও প্রতিষ্ঠান সংস্কার এবং বিএনপিবিরোধিতার নামে জামায়াত-শিবিরের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে। তাঁর ভাষ্য, তাঁদের অনেকে এখন সেই অবস্থান থেকে বেরিয়ে আসতে পারছেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধ চাপের সমালোচনা করে মাহফুজ লেখেন, ‘ডিজিটাল মবের চাপে অনেককে ডানপন্থি থেকে উগ্র-ডান হতে দেখেছি। এখনও দেখছি।’ তাঁর মতে, এসব তৎপরতা পরিকল্পিত প্রচারণা ও চরিত্রহননের ব্যবস্থায় পরিণত হয়েছে, যার প্রভাব এড়িয়ে চলা সহজ নয়।

সেকুলার সমাজের পাশাপাশি প্রচলিত ধারার আলেম সমাজকেও জামায়াত-শিবিরকে সহযোগিতার খেসারত দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, রাজনৈতিক সুবিধা অর্জনের পর এই দুই গোষ্ঠীকেই দূরে সরিয়ে দেওয়া হবে।

পোস্টের শেষাংশে মাহফুজ আশঙ্কা প্রকাশ করেন, জামায়াত-শিবিরের প্রভাব যত বাড়বে, আওয়ামী লীগের ফিরে আসার পরিস্থিতিও তত তৈরি হবে। একই সঙ্গে বিএনপির একাংশ জামায়াত-শিবির এবং অন্য অংশ আওয়ামী লীগের রাজনৈতিক বলয়ের দিকে ঝুঁকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর