তিন দফা দাবিতে শাহবাগে গণবিক্ষোভের ডাক এনসিপির

নিজস্ব প্রতিবেদক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে তিন দফা দাবিতে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩০ অক্টোবর বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এনসিপির তিন দফা দাবির মধ্যে রয়েছে—ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ দলটির ভাষায় সব ‘কর্তৃত্ববাদী আইন’ বাতিল।

বিজ্ঞপ্তিতে এনসিপি অভিযোগ করে, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা থাকলেও বর্তমানে খুন, রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি, দখলদারত্ব ও ছিনতাইয়ের মতো ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্যে জনজীবনে দুর্ভোগ বেড়েছে।

দেশের সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার উল্লেখ করে এনসিপি জানায়, গত ১৫ অক্টোবর নেত্রকোণায় প্রকাশ্যে গুলি করে এক সাংবাদিককে হত্যা করা হয়। পরদিন চট্টগ্রামের সীতাকুণ্ডেও একজন গুলিতে নিহত হন। এ ছাড়া ১৯ অক্টোবর কক্সবাজারের বিভিন্ন সড়কে এক দিনে ৫০ থেকে ৬০টি যানবাহনে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করে দলটি।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর সরকারদলীয় এক সংসদ সদস্যের নেতৃত্বে রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্যের বরাতে এনসিপি দাবি করে, গত নয় মাসে রাজনৈতিক সহিংসতা ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১১৩ জন এবং গণপিটুনিতে ১৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ৬৩৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় অন্তত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে এনসিপি।

দলটির দাবি, আগে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় পাওয়া এলপিজি গ্যাসের দাম এখন ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। একইভাবে কোনো কোনো ক্ষেত্রে মাসিক বিদ্যুৎ বিল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা পর্যন্ত আসছে বলে অভিযোগ করা হয়েছে।

এনসিপির দেওয়া বাজারদরের তথ্য অনুযায়ী, প্রতি লিটার সয়াবিন তেল ২০০ থেকে ২১০ টাকা, প্রতি কেজি চাল ৭০ থেকে ৯০ টাকা, মসুর ডাল ১৫০ থেকে ১৬০ টাকা এবং প্রতি ডজন ডিম ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

এসব পরিস্থিতির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

এনসিপি বলেছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গণতান্ত্রিক সংস্কারের দাবিতে এ গণবিক্ষোভের আয়োজন করা হয়েছে।

আগামী ৩০ অক্টোবর বিকেল ৩টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted