দীর্ঘ বিরতি কাটিয়ে সিনেমার গানে ফিরলেন মনির খান

বিনোদন ডেস্ক

একসময় চলচ্চিত্রের গানে সুরেলা কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছিলেন সংগীতশিল্পী মনির খান। দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন তিনি। ‘আলো’ নামের একটি চলচ্চিত্রের জন্য নতুন গান গেয়েছেন এই শিল্পী। ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান। গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল।

গত বুধবার রাতে রাজধানীর মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মনির খান। এ প্রসঙ্গে তিনি জানান, অনেক দিন পর সিনেমার গান গেয়ে তার ভীষণ ভালো লেগেছে।

আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও রয়েছে মনির খানের উল্লেখযোগ্য অবদান। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ১৯৯৬ সালে ‘তোমার কোনো দোষ নেই’ শিরোনামে নিজের প্রথম একক অ্যালবাম প্রকাশের মাধ্যমে অডিও জগতে পরিচিতি পান এই শিল্পী। এরপর একে একে প্রকাশিত হয়েছে তার ৪২টিরও বেশি একক অ্যালবাম। এ ছাড়া দ্বৈত ও মিশ্র অ্যালবামেও রয়েছে তার উল্লেখযোগ্য অংশগ্রহণ।

সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন মনির খান। দীর্ঘ বিরতির পর তার চলচ্চিত্রের গানে প্রত্যাবর্তন সংগীতপ্রেমীদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে।

‘আলো’ চলচ্চিত্রের গানটি কবে প্রকাশিত হবে, তা এখনো জানা যায়নি। তবে মনির খানের কণ্ঠ ও কবির বকুলের কথার সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted