আসামি নিয়ে ফেরার পথে এসআই ও বিএনপি নেতা নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে আসামি নিয়ে থানায় ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা (৪৫)। রফিক মোল্লা একই এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে।

দুর্ঘটনায় আহত হয়েছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক জাবেদ ওমর (২৮) এবং পুলিশের গাড়িচালক রাব্বি (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে কালীগঞ্জের তুমুলিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে যান এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।

অভিযানে ওই এলাকার আহিদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। আহিদ একই এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আটক ব্যক্তিকে নিয়ে থানায় ফেরার পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়িটি থামানো হয়।

এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় বিএনপি নেতা রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর ও গাড়িচালক রাব্বি।

হঠাৎ ঘোড়াশালমুখী একটি কাভার্ডভ্যান তাঁদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে চারজনই আহত হন।

দুর্ঘটনার পর অন্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ভোর ৪টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক বিএনপি নেতা রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও এসআই জাবেদ ওমরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক এসআই মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

আহত এসআই জাবেদ ওমর গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গাড়িচালক রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া এসআই মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর আহত এসআই জাবেদ ওমরের চিকিৎসা চলছে।

ওসি আরও জানান, গাড়িচালক রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

তবে কাভার্ডভ্যানটির চালকের পরিচয় কিংবা দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted