কিশোর গ্যাং দমনে সব উপজেলায় কমিটি, সভাপতি ইউএনও

নিজস্ব প্রতিবেদক

কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও অপরাধ নিয়ন্ত্রণে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্যসচিব থাকবেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে কমিটির সদস্যসংখ্যা, কার্যপরিধি ও গঠনের সময়সীমা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি বিভিন্ন জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সপ্তাহে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচ শতাধিক কিশোরকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে চাঁদপুরে গ্রেপ্তার করা হয় ৭৬ জনকে।

গত ৬ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া শহরে অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করে পুলিশ। পরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া গত মাসে চট্টগ্রামে সবজি বিক্রেতা হৃদয় (১৬) হত্যাকাণ্ডের সঙ্গে কিশোর গ্যাংয়ের ‘সিনিয়র–জুনিয়র’ বিরোধের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিভিন্ন জেলায় কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে গ্রেপ্তারের সংখ্যা বাড়ায় কারাগারগুলোতে চাপ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের একজন কর্মকর্তা।

রাজধানীতেও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত সেপ্টেম্বরে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, মোহাম্মদপুর, মিরপুর ও পল্লবী এলাকায় কোনো কিশোর গ্যাং থাকতে দেওয়া হবে না। এসব এলাকায় অভিযান জোরদার এবং প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted