স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন, দেশবাসী সেই অপেক্ষায়: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় রয়েছে দেশবাসী।

সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। নিজের এলাকাতেও মাদক প্রতিরোধে তিনি সফল হতে পারেননি। অথচ এই ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপানো হচ্ছে। তাঁর অভিযোগ, এ পরিস্থিতিতে ইশরাক হোসেনকে বলির পাঁঠা বানানো হয়েছে।

ইশরাক হোসেনের পদত্যাগের কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, তিনি কেন পদত্যাগ করেছেন এবং তাঁর অপরাধ কী, তা স্পষ্ট করতে হবে। তিনি কোনো নৈতিক অপরাধ করেছেন, নাকি ফৌজদারি অপরাধে জড়িত ছিলেন, সেটিও পরিষ্কার করা প্রয়োজন।

তিনি বলেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করে থাকলে আইন প্রয়োগকারী সংস্থার ব্যবস্থা নেওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত এ ধরনের কোনো পদক্ষেপ দেখা যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, নিজের দায়িত্ব পালনের পরিবর্তে তিনি সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে, যাঁর দায়িত্ব নয়, তাঁকে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে যেতে দেখা গেছে। পরে আবার তাঁকেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন তাঁকে সরানো হলো, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে এ ধরনের সংস্কারের কথাই বলা হয়েছিল। সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা প্রয়োজন ছিল। কিন্তু সরকার সেই উদ্যোগ বাস্তবায়ন না করে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে।

সরকারের জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, এর আগে একজন সংরক্ষিত নারী সংসদ সদস্যকে পদত্যাগ করতে হয়েছে। এবার পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী। অথচ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না।

নাহিদ ইসলামের অভিযোগ, সরকারের এ ধরনের পদক্ষেপে প্রকৃত দায়ীদের জবাবদিহি নিশ্চিত হচ্ছে না। বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার মূল দায় এড়িয়ে যাওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted