রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সুপারিশ ও সম্মতি দিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় বিধিগত কার্যক্রম নিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
যাঁদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে, তাঁরা হলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
চিঠিগুলোতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের বিধান অনুযায়ী তাঁদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে।
তবে কী কারণে তিন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের চুক্তির মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা চিঠিতে উল্লেখ করা হয়নি। তাঁদের স্থলে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়েও কোনো নির্দেশনা দেওয়া হয়নি।









