দেশে ডেঙ্গু ও হামের উপসর্গে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও পাঁচজন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে এক হাজার ৮৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তি ও বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টার হিসাব রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার এবং অন্যজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। মৃত চারজনই নারী।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে এক লাখ ১৪ হাজার ২৫১ জনের।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৯৭ জন মারা গেছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫৭ জনে। একই সময়ে আরও এক হাজার ৩০৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে এ বছর এখন পর্যন্ত সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৪ হাজার ৫৫১ জনে।









