ইউরোপের ছোট ও মাঝারি আকারের ৪২ শতাংশ প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অ্যালগরিদমভিত্তিক ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করছে। তবে নিয়োগ, কর্মীদের মূল্যায়নসহ জনবলসংক্রান্ত সিদ্ধান্তে এসব প্রযুক্তির ওপর আস্থা নেই প্রায় অর্ধেক প্রতিষ্ঠানের।
বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত ইউরোব্যারোমিটারের এক জরিপে এ চিত্র উঠে এসেছে। এতে অংশ নেওয়া আরও ২১ শতাংশ প্রতিষ্ঠান ভবিষ্যতে এআই ব্যবহারের পরিকল্পনা জানিয়েছে। বর্তমানে বেশির ভাগ প্রতিষ্ঠান সীমিত পরিসরে কিংবা পরীক্ষামূলকভাবে প্রযুক্তিটি ব্যবহার করছে।
জরিপ অনুযায়ী, গ্রাহকসেবা ও যোগাযোগে এআই ব্যবহার করে ৪৭ শতাংশ প্রতিষ্ঠান। কর্মীদের কাজের মান ও উৎপাদনশীলতা পর্যবেক্ষণে ৩৬ শতাংশ এবং পণ্য পরিবহন, পরিকল্পনা ও কাজের সময়সূচি তৈরিতে ৩০ শতাংশ প্রতিষ্ঠান এটি ব্যবহার করে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ৬১ শতাংশ মনে করে, এআই সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। আর ৭৫ শতাংশের ধারণা, এটি কাজের মান উন্নত করবে। তবে ৯০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত মানুষের হাতেই থাকে। মাত্র ২ শতাংশ প্রতিষ্ঠানে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।
এআই ব্যবহারে প্রধান বাধা হিসেবে বেশি খরচ, আইনি অনিশ্চয়তা ও দক্ষ কর্মীর অভাব উঠে এসেছে। জরিপে ৫০ শতাংশ প্রতিষ্ঠান বিনিয়োগের ব্যয়কে, ৪৯ শতাংশ আইনি অনিশ্চয়তাকে এবং ৪৮ শতাংশ প্রয়োজনীয় দক্ষতার ঘাটতিকে বাধা হিসেবে চিহ্নিত করেছে।









