ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের জন্য নতুন তারিখ নির্ধারণ করে দিতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সহ-সমন্বয়ক আশুতোষ রানকা।
সোমবার (১২ অক্টোবর) আরেক সহ-সমন্বয়ক সৌরভ দাসকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান রানকা। সেখানে তারা যন্তর মন্তরে বিক্ষোভের জন্য নতুন তারিখ নির্ধারণের দাবি জানান।
আশুতোষ রানকা বলেন, যন্তর মন্তর বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান। তাই সেখানে কবে তারা কর্মসূচি পালন করতে পারবেন, সেটি জানতে পুলিশের কাছে এসেছেন।
তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে জানাতে হবে কীভাবে এবং কবে তারা বিক্ষোভ করতে পারবেন। অন্যথায় দলটি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
এর আগে ১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। স্বল্প সময়ের নোটিশ, আগের কর্মসূচিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এবং জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে অনুমতি দেওয়া হয়নি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত বিক্ষোভের বিষয়ে ৭ অক্টোবর জানানো হয়েছিল। অর্থাৎ কর্মসূচির মাত্র তিন দিন আগে আবেদন করা হয়। অথচ প্রচলিত নিয়ম অনুযায়ী, এ ধরনের বিক্ষোভের জন্য অন্তত ১০ দিন আগে আবেদন করার কথা।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করেছিল সিজেপি। এসআইআর কার্যক্রমে কথিত অনিয়মের প্রতিবাদে দলটির চলমান আন্দোলনের অংশ হিসেবে কর্মসূচিটি নেওয়া হয়েছিল।
দিল্লি পুলিশ সিজেপির আগের কয়েকটি বিক্ষোভের কথাও উল্লেখ করেছে। পুলিশের অভিযোগ, পূর্ববর্তী একটি কর্মসূচি নির্ধারিত সময়ের পরও চলতে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল।









