আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিনে এই অর্জন করেন তিনি। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ হলো লিটনের।
টেস্ট শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের মোট রান ছিল ৮ হাজার ৯২৯। প্রথম ইনিংসে ৫৩ রান করার পর মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন ছিল আরও ১৮ রান।
তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৫ রানে অপরাজিত ছিলেন লিটন। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে আরও ১৩ রান যোগ করেন তিনি। ৭৬তম ওভারের শেষ বলে জিয়া উর রহমানের ডেলিভারি থেকে এক রান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার।
বাংলাদেশের হয়ে এর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। তাদের পর এবার এই তালিকায় যুক্ত হলো লিটনের নাম।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় দুবার জীবনও পান লিটন। ১৪ রানে স্লিপে তাঁর ক্যাচ হাতছাড়া হয়। এরপর ২৬ রানে আরেকবার ক্যাচের সুযোগ তৈরি হলেও সেটিও কাজে লাগাতে পারেনি আফগানিস্তান।
সুযোগ দুটি কাজে লাগিয়ে লিটন ৬১ বলে অর্ধশতক পূর্ণ করেন। টানা দ্বিতীয় ইনিংসে ফিফটির দেখা পেলেন তিনি।
টেস্ট ক্রিকেটে লিটনের রান ৩ হাজার ৪০৯। এই সংস্করণে তাঁর রয়েছে ৬টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে করেছেন ২ হাজার ৮৬৯ রান, যেখানে ৫টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৪টি ফিফটি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১২৪ ম্যাচ খেলা লিটনের রান ২ হাজার ৭০৪। এই সংস্করণে সেঞ্চুরি না থাকলেও তাঁর রয়েছে ১৬টি হাফ সেঞ্চুরি।









