ডেস্ক নিউজ| ঢাকা, ১৭ই জুন, ২০২৬:
কানসাস সিটিতে যেন আরেকবার ফুটবল জাদুর প্রদর্শনী করলেন লিওনেল মেসি। নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশ্বকাপের মঞ্চে করলেন দুর্দান্ত হ্যাটট্রিক। তার অনবদ্য নৈপুণ্যে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ জয়ের অভিযানে শুভ সূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মঙ্গলবার স্থানীয় সময় রাতে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে বল পেয়ে দূরপাল্লার শক্তিশালী শটে জাল খুঁজে নেন মেসি। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বল স্পর্শ করলেও রুখতে পারেননি তার বজ্রগতির শট।
প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ৬০তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষক ঠিকমতো সামলাতে না পারলে ফিরতি বলে ডান পায়ের নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি।
এরপর ৭৬তম মিনিটে নিকো গঞ্জালেসের পাস থেকে দুর্দান্ত এক শটে পূর্ণ করেন হ্যাটট্রিক। সেই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজের গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডের সমান। ফলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এলেন আর্জেন্টাইন মহাতারকা।
এই ম্যাচে দেশের হয়ে ১১৮তম, ১১৯তম ও ১২০তম গোলও করেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল জাদুকর।
ম্যাচের শুরুতেই অবশ্য একবার বল জালে পাঠিয়েছিলেন মেসি। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। পরে আলজেরিয়াও একইভাবে একটি গোল হারায়।
বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন মেসি। পাশাপাশি বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করলেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও কুয়েতের সাবেক তারকা বাদের আল-মুতওয়া।
বিশেষ এই দিনটি মেসির জন্য আরও তাৎপর্যপূর্ণ। ঠিক ২০ বছর আগে এই দিনেই বিশ্বকাপে অভিষেক হয়েছিল তার। দুই দশক পর সেই একই দিনে ইতিহাসের পাতায় আরও একটি স্বর্ণালী অধ্যায় যোগ করলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এখন আর্জেন্টিনার চোখ আগামী সোমবার অস্ট্রিয়ার বিপক্ষ ম্যাচে। সেদিন আরও একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার একক রেকর্ড নিজের করে নেবেন লিওনেল মেসি।









