ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে ঘুমন্ত অবস্থায় গোলাম রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুর তরিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার আজমপুর ইউনিয়নের বলিভাদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রহমান কালীগঞ্জ উপজেলার হুদানাইড়ি পাড়া গ্রামের ক্বারি গোলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েকে নিয়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার (১৯ অক্টোবর) শ্বশুরবাড়িতে বেড়াতে যান গোলাম রহমান। রাতে খাওয়াদাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে তরিকুল ইসলাম ঘরে থাকা কুড়াল দিয়ে ঘুমন্ত গোলাম রহমানকে এলোপাতাড়ি কোপান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। পরে স্থানীয়রা তরিকুল ইসলামকে আটক করে রাখেন।

স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশী এনামুল জানান, ভোরে গ্রামের একটি চায়ের দোকানে কয়েকজন বসে চা পান করছিলেন। এ সময় চিৎকার শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে তরিকুল ইসলামকে হাতে রক্তমাখা কুড়াল নিয়ে বাড়ির উঠানে হাঁটাহাঁটি করতে দেখেন। ভয়ে কেউ তাঁর কাছে যেতে সাহস পাচ্ছিলেন না। পরে কৌশলে তাঁকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

এনামুল আরও জানান, তরিকুল ইসলামের মানসিক সমস্যা রয়েছে বলে স্থানীয়দের ধারণা। এ কারণে তিনি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করছেন তিনি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তরিকুল ইসলামকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted