দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে সাত শিশু। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন এবং হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও হামবিষয়ক পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন করে এবং ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। একই সময়ে মোট ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ লাখ ১২ হাজার ৪০০ জনের।
অন্যদিকে হামবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিন শিশু, সিলেটে দুই শিশু এবং ময়মনসিংহ ও খুলনায় একজন করে মারা গেছে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন।









