দুর্নীতির মামলার আসামি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার করা হয়। ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিষয়টি জানানো হয়েছে।
জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নান এবং তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুদক।
প্রথম মামলায় অভিযোগ করা হয়েছে, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও উল্লেখ করা হয়েছে।
এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়।
অন্য মামলায় তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের কথাও মামলায় উল্লেখ রয়েছে।
এ মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। তাঁকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে আসামি করা হয়েছে শেখ আব্দুল হান্নানকেও। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন তিনি বাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ সালের ১১ জুন অবসরে যান তিনি।
কাতারে গ্রেপ্তারের পর তাঁর বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।









