বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার। ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশে ফিরে যাওয়া কিমো পলের জায়গায় তাঁকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
২৮ বছর বয়সী স্প্রিঙ্গার ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে টেস্টে এখনো অভিষেক হয়নি তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে ১ হাজার ৪৩ রান করেছেন তিনি। বল হাতে ২৭.৮৭ গড়ে নিয়েছেন ৫৮ উইকেট।
২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোসের হয়ে চার ম্যাচে ৫০.২০ গড়ে ২৫১ রান করেন স্প্রিঙ্গার। তবে বোলিংয়ে আট ইনিংসে ৪২ গড়ে পান সাত উইকেট।
সিডব্লিউআই জানিয়েছে, পলের বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নিয়াল স্মিথকেও বিবেচনা করা হয়েছিল। কিন্তু চোটের কারণে তাঁদের কাউকেই নেওয়া সম্ভব হয়নি।
বাংলাদেশ সফরে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। বিশ্রামে থাকছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক শাই হোপ। কাজের চাপ ব্যবস্থাপনার অংশ হিসেবে সফর থেকে সরে দাঁড়িয়েছেন পেসার আলজারি জোসেফও। শুরুতে তাঁর বদলি হিসেবেই দলে নেওয়া হয়েছিল পলকে।
স্প্রিঙ্গার ও পল দুজনই ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া সাদা বলের সিরিজের দলে ছিলেন। শনিবার বেঙ্গালুরুতে শেষ টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার মধ্য দিয়ে সফরটি শেষ হয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে হারে ক্যারিবীয়রা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয় ২–২ সমতায়।
বাংলাদেশ সফরে ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর মিরপুরে ২৮ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট, যা চলবে ১ নভেম্বর পর্যন্ত। সিলেটে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ৫ থেকে ৯ নভেম্বর।
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জোশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দ্রপল, জোশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমার রোচ, জেডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।









