দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১০ হাজার ৩১২ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪ হাজার ১৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২৩ জন, ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনের বাইরে ৩১৯, চট্টগ্রাম বিভাগে ২৬০, খুলনায় ২৩৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৩, বরিশালে ১৯৯, রাজশাহীতে ১৭৬, ময়মনসিংহে ৬৭, রংপুরে ৫৯ ও সিলেটে ১৩ জন রয়েছেন।









