জামায়াতের কমিটি নিয়ে বিরোধ, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয় চত্বরে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে নগরীর মোগলটুলি এলাকার ফারুকিয়া হাউজিংয়ে এ ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়।

দলীয় নেতাদের একাংশের দাবি, মহানগর কমিটির আমির নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে সংগঠনের আনুষ্ঠানিক বক্তব্যে বলা হয়েছে, সভায় কিছু যুবক ঢুকে হইচই করে এবং চলে যাওয়ার সময় একটি গাড়ি ভাঙচুর করে।

ঘটনার সময় কার্যালয়ের ভেতরে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুমসহ মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। আমির নির্বাচনপ্রক্রিয়ার অংশ হিসেবে ওয়ার্ড পর্যায়ের নেতা ও রুকনদের সঙ্গে বৈঠক করছিলেন তাঁরা। বৈঠক চলাকালে বাইরে কয়েকজন জড়ো হয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর জামায়াতের কয়েকজন নেতার ভাষ্য, বর্তমান কমিটির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা। পরবর্তী নেতৃত্ব নির্বাচন ও ভোটার তালিকা নিয়ে দলের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।

তাঁদের দাবি, বর্তমান আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং দুই নায়েবে আমির এ কে এম এমদাদুল হক ও মোসলেহ উদ্দিনকে পরবর্তী কমিটিতে না রেখে অন্য দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমির নির্বাচন উপলক্ষে প্রস্তুত করা ভোটার তালিকায় তাঁদের নাম না থাকলেও সেক্রেটারি মাহবুবুর রহমানসহ অন্য নেতাদের নাম রয়েছে। বিষয়টি নিয়ে একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তবে এসব দাবির বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

দলীয় নেতাদের একাংশ এ ঘটনার জন্য এমদাদুল হকের অনুসারীদের দায়ী করেছেন। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তিনি ওই সভায় উপস্থিত ছিলেন না।

ঘটনার পর কার্যালয়ের সামনে ভাঙা গাড়ি ও কাচের টুকরা পড়ে থাকতে দেখা যায়। দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নেতা এ টি এম মাছুম নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

রাত সোয়া ১০টার দিকে মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের বরাতে গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য পাঠানো হয়। এতে সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, পূর্বনির্ধারিত সভা চলাকালে কিছু যুবক ঢুকে হইচই শুরু করে। পরে তারা চিৎকার করতে করতে চলে যাওয়ার সময় একটি গাড়ি ভাঙচুর করে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর