বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে সরকার যেসব নীতি ও কর্মসূচি গ্রহণ করেছে, সেগুলোর সঙ্গে বিশ্বব্যাংক একমত। এসব বিষয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং উভয় পক্ষ একসঙ্গে কাজ করবে।
আমির খসরু মাহমুদ চৌধুরীর ভাষ্য, সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি সংকটের মধ্যে ছিল। আগের সময়ের বিভিন্ন দায় বহনের পাশাপাশি বিশ্বজুড়ে চলমান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও মোকাবিলা করতে হচ্ছে।
তিনি জানান, বাংলাদেশের এসব চ্যালেঞ্জ বিশ্বব্যাংক অনুধাবন করছে। সংকট কাটিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রতিও সংস্থাটি সমর্থন জানিয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, স্থিতিশীলতা ফিরিয়ে আনার পর দেশের অর্থনীতির ভবিষ্যৎ গতিপথ এবং মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের পাশে থাকতে সংস্থাটি আগ্রহী এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।









