ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে নোমান নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নোমান হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির একটি টহলদল। চোরাচালানের পণ্য জব্দ করে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা সদস্যদের ওপর হামলা চালায়। প্রথমে মৌখিকভাবে সতর্ক করা হলেও হামলা অব্যাহত থাকায় আত্মরক্ষার্থে গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। এতে নোমান গুলিবিদ্ধ হন। এ সময় বিজিবির এক সদস্যও আহত হন।
পরে গুলিবিদ্ধ নোমানকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে সকালে হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডের থানা রোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
৩৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান এবং টহল অব্যাহত রয়েছে।









